Krishnanagar Church Attack

কৃষ্ণনগরের কাছে গির্জায় ভাঙচুর, উদ্বেগ এলাকায়

জেলা

গত শুক্রবার রাতে ভাঙচুরের পর কৃষ্ণনগরের কাছে জলালখালির ডিভাইন রিট্রিট সেন্টার গির্জায় উদ্বিগ্ন স্থানীয়েরা।

ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের নদীয়ায় একটি গির্জায় হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে। কৃষ্ণনগরের কাছে জলালখালির ডিভাইন রিট্রিট সেন্টার গির্জায় শুক্রবার রাতে একটি অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
জানা গিয়েছে, গির্জায় অনুষ্ঠান চলার সময় সেখানে ধর্মান্তরকরণ হচ্ছে বলে অভিযোগ তোলে বিশ্ব হিন্দু পরিষদের একাংশ। এ সময় গির্জার বাইরে হনুমান চালিশা পাঠও শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে গির্জায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। 
এদিকে হামলা চালিয়ে আবার গির্জার দিক থেকেও হামলা চালানোর অভিযোগ তোলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিজেপি আসীন হওয়ার থেকে এই প্রবণতা দেখা যাচ্ছে। এর আগে সারা দেশে ধর্ম পরিবর্তনেত জিগির তুলে সংখ্যালঘুদের ওপর আক্রমণে একই ছক দেখা গিয়েছে।
ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংখ্যালঘু খ্রীস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। গির্জার ফাদার ভিনসেন্ট জর্জের অভিযোগ, গির্জা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং যিশুমূর্তির ওপর থাকা আবরণের কাচ ভেঙে যায়।
গির্জায় ধর্মান্তরকরণের অভিযোগ কতটা সত্য তা নিয়ে সন্দেহ রয়েছে বিভিন্ন অংশেরই। দাবি উঠেছে, আইন হাতে তুলে নিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেখা প্রয়োজন।

Comments :0

Login to leave a comment