বখতিয়ার আবিদ চৌধুরী : ঢাকা
মোটের উপরে শান্তিপূর্ণ ভোট শেষে বাংলাদেশের নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে বিএনপি জোট। তবে জামায়াত জোট ভালো লড়াই দিচ্ছে। রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ইঙ্গিত বিএনপি নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। দলের প্রধান তারেক রহমান বগুড়া-৬ আসনে লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন। বগুড়ার বাকি ৬টি আসনেও বিএনপি প্রার্থীরা এগিয়ে আছেন। ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি’র অন্যতম শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৯৫ হাজারের বেশি ভোটে জিতেছেন। সুনামগঞ্জের পাঁচটি আসনেই জিতেছে বিএনপি প্রার্থীরা। কক্সবাজারের ৪টি আসনেই বিএনপি জয়ী হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর রাত ১২টা পর্যন্ত দেড় শতাধিক আসনে এগিয়ে আছে বিএনপি। বিপরীতে ৩০টির বেশি আসনে জামায়াত জোট। তবে ঘোষিত ১৪টি আসনে বিএনপি এবং ২টি জামায়াত জিতেছে বলে সরকারি সূত্র জানিয়েছে। এই প্রবণতা বজায় থাকলে বিএনপি জোট ২০০-র বেশি আসনে জয়ী হবে বলে বিশ্লেষকদের মত। বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এদিন রাতে ঘোষণা করেছেন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিএনপি।
রাজধানী ঢাকার আসনগুলিতেও বিএনপি’র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে জামায়াতের। ঢাকার আসনগুলিতে ভোট পড়েছে সামান্য। প্রাথমিক ফলে ৩টিতে এগিয়ে বিএনপি, ২টিতে জামায়াত, ঢাকা-১১ আসনে জামায়াত জোটের এনসিপি প্রার্থী হিসেবে নাহিদ ইসলাম এগিয়ে আছেন। তবে সবই সামান্য ব্যবধান। ঝিনাইদহ ১ আসনেও বিএনপি জয়ী হয়েছে। পটুয়াখালী-৩ আসনে জয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ও গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর। ব্রাহ্মণবেড়িয়া ২ আসনে বিএনপি থেকে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী রুমিন ফারহানা বড় ব্যবধানে এগিয়ে আছেন। চট্টগ্রাম, টাঙ্গাইল, ফেনি, বরগুনা, খুলনা, রংপুরের বিভিন্ন আসন থেকে বিএনপি প্রার্থীদের বড় ব্যবধানে এগিয়ে থাকার খবর মিলেছে।
অন্যদিকে, বিএনপি’র ১১ দলের জোটের এনসিপি প্রার্থী হাসানত আবদুল্লা কুমিল্লা-৪ আসনের সব বুথেই এগিয়ে আছেন। এই আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় নির্বাচন কার্যত একতরফা হয়ে যায়। সাতক্ষীরার চারটি আসনেই জামায়াত জয়ী হয়েছে। যশোর, খুলনাতে বেশ কয়েটি আসনে এগিয়ে আছে জামায়াত। রংপুরেও একটি আসনে তারা এগিয়ে আছে। খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। জামায়াত এবং এনসিপি নেতাদের এদিন রাতের বক্তব্যে স্পষ্ট হয়েছে তারা প্রায় হার স্বীকার করে নিয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য- এর শরিক নেতাদের নিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনে আসেন দলটির আমির। তিনি বলেন, বেশ কিছু আসনে আমরা এগিয়ে আছি। গণনাও কমপ্লিট। কিন্তু রিটার্নিং অফিসাররা ফল ঘোষণা করছেন না। ঝুলিয়ে রেখেছেন, আমরা বুঝছি না কেন।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় এদিন বিকেল সাড়ে চারটেয়। রাত পর্যন্ত সারা দেশের ২৯৯টি আসনে একযোগে ভোট গণনার কাজ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। কত শতাংশ ভোট পড়েছে, সে বিষয়ে এদিন রাত পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পূর্ণাঙ্গভাবে জানানো হয়নি। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী দুপুর দুটো পর্যন্ত ৪২ হাজার ৬৫১ বুথের মধ্যে ৩৬ হাজার ৩১ বুথে ৪৭.৯১শতাংশ ভোট পড়েছে। বাকি ৬ হাজার ৬২০ বুথের তথ্য তখনও পর্যন্ত পায়নি নির্বাচন কমিশন পায়নি বলে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। ফলে ভোটের চূড়ান্ত হার কত, সেই বিষয়ে শুক্রবারের আগে পূর্ণাঙ্গ চিত্র মিলবে না। তবে রাজধানীর ঢাকার বহু আসনেই খুব সামান্য ভোট পড়েছে। এদিন রাত দশটায় কেন্দ্রভিত্তিক আংশিক ফল ঘোষণার সময়ে কত শতাংশ ভোট পড়েছে, জানতে চাওয়ায় সবগুলি আসনের ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতে বলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
নির্বাচনকে ঘিরে দেশের কিছু জায়গায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় এক বিএনপি নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত বিএনপি নেতার নাম মহিবুজ্জামান কচি। তিনি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খুলনা আলিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রে ভোট দিতে যান মহিবুজ্জামান কচি, এই সময় তিনি দেখতে পান কেন্দ্রের ভেতরে জামায়াতের নেতা-কর্মীরা ভোটারদের কাছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তাদের পক্ষে ভোট দিতে বলছেন। এর বিরোধিতা করলে প্রতিপক্ষ জামায়াতের লোকজন তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ ছাড়া সংঘর্ষজনিত কারণে এদিন রাত পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ আরও আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে সাত জন অসুস্থতাজনিত কারণে এবং একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় পড়ে গিয়ে মারা গেছে একজন।
অন্যদিকে ভারতে অবস্থানরত বাংলাদেশর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ফেসবুক পোস্টে এই নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বললে মন্তব্য করেছেন। নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল কম। এ বিষয়ে হাসিনার দাবি করেন, দেশবাসী এই ‘প্রহসনের ভোটকে প্রত্যাখান’ করেছে।’
Comments :0