বিশ্বজিৎ রায়: কাচড়াপাড়া
বিচারাধীন নামের নিষ্পত্তি করার দিকে গুরুত্ব দিতে হবে নির্বাচন কমিশনকে। ষাট লক্ষের বেশি মানুষকে বিচারাধীন করে ভোট ঘোষণা করেছে কমিশন। কাচড়াপাড়ায় সিপিআই(এম)’র কর্মসূচিতে একথা বলেছেন প্রবীণ সিপিআই(এম) নেতা এবং বামফ্রন্টের সভাপতি বিমান বসু। তিনি বলেন যে মানুষের বৃহত্তর ঐক্য গড়ে পরাজিত করতে হবে বিভাজনের শক্তি বিজেপি এবং তৃণমূলকে।
রবিবার কাচড়াপাড়া মিলননগরে কমরেড অমূল্য উকিল, কমরেড জগদীশ দাস, কমরেড সুবোধ রায়, কমরেড বাবলু রক্ষিত, কমরেড বৃন্দাবন দাস ও কমরেড সুশীল ঘোষাল চৌধুরী স্মরণে কেন্দ্রীয় স্মরণসভায় বক্তব্য রাখেন তিনি। কমরেড বৃন্দাবন দাস নামাঙ্কিত ভবনের উদ্বোধনও করেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু। প্রবল দুর্যোগকে উপেক্ষা করে এই কেন্দ্রীয় স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সিপিআই(এম) নেতা সত্যরঞ্জন দাস। বক্তব্য রাখেন পার্টিনেতা দেবাশিস রক্ষিতও।
বসু বলেন যে সুষ্ঠু,অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। মৃত ভোটার যেন এবারের নির্বাচনে ভোট না দেয়। মানুষকে বিচারাধীন করে রেখে ভোট ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশন বলছে যে অতিরিক্ত তালিকা প্রকাশ করবে। ষাট লক্ষের বেশি মানুষকে বিচারাধীন করা হয়েছে। এটা নিষ্পত্তি করার জন্য অন্য রাজ্য থেকে লোক নিয়োগ হয়েছে। বিচারাধীন বিষয়গুলো নিষ্পত্তি করার বিষয়টি নির্বাচন কমিশনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।
বিমান বসু বলেন, তৃণমূল ও বিজেপি এই রাজ্যে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্যের সরকার মানুষের কল্যাণে কোনো কাজ করেনি। অন্যায়, অবিচার ও ব্যাভিচার এই রাজ্য জুড়ে ব্যাপকভাবে হয়েছে। শিক্ষায় ভয়াবহ নৈরাজ্য হয়েছে। বেকার যুবকদের কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি হয়নি। নতুন শিল্প আসেনি। দুর্নীতি এই রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে। তৃণমূলের নেতা মন্ত্রীরা এই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত। দুর্নীতির অভিযোগে তাদের জেল খাটতে হয়েছে। তৃণমূল ও বিজেপি এই রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে। এর বিরুদ্ধে মানুষের ঐক্যকে সুদৃঢ় করে এবারের নির্বাচনে দুই শক্তিকে পরাস্ত করতে হবে।
তিনি বলেন, তৃণমূল ও বিজেপি মানুষের মধ্যে ভেদাভেদের রাজনীতি করছে। এরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করছে। ধর্ম বর্ণ ও জাতপাতের নামে মানুষকে ভাগ করছে। মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করছে। মানুষের ঐক্যকে এরা ভাঙতে চাইছে। গণতান্ত্রিক অধিকার এরা কেড়ে নিতে চাইছে। এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।
Comments :0