আট দফা দাবি সামনে রেখে শুক্রবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ বাজারে মহামিছিলের আয়োজন করে সিপিআই(এম) ইসলামপুর ১ নং এরিয়া কমিটি। দীর্ঘদিন পর রামগঞ্জ বাজারে দলের এই বৃহৎ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে রাজনৈতিক চাঞ্চল্য দেখা যায়। বৃষ্টির কারণে বাজার ও সংলগ্ন এলাকায় জলকাদা থাকলেও তা উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকরা মিছিলে যোগ দেন। ফলে মিছিলটি জনসমাগমের দিক থেকে উল্লেখযোগ্য হয়ে ওঠে।
মিছিল রামগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। লাল ঝান্ডা হাতে নিয়ে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণকারীরা স্লোগান দিতে দিতে এগিয়ে যান। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই(এম) নেতা আব্দুল করিম, পরিতোষ রায়, স্বপন গুহ নিয়োগী, মনোরঞ্জন দাস, বিকাশ দাস, রঘুপতি মুখার্জী, গৌতম বর্মন, তাপস দাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং সাধারণ মানুষের স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সভা থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে, এসআইআর সংক্রান্ত ট্রাইবুনালের কাজ দ্রুত নিষ্পত্তি করে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, কৃষকদের ফসলের লাভজনক মূল্য প্রদান, হকার উচ্ছেদ ও বুলডোজার নীতি বন্ধ করা, চা শ্রমিকদের নিরাপত্তা ও মজুরি বৃদ্ধি, বন্ধ চা বাগান পুনরায় চালু করা, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি বিভাগ চালু ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন, রামগঞ্জ হাটের উন্নয়ন ও রাস্তার পুনর্নির্মাণ এবং রামগঞ্জ এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা স্থাপন।
নেতৃত্ব বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা উপেক্ষিত রয়েছে। কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষের নানা দাবি পূরণে সরকার কার্যকর ভূমিকা নিচ্ছে না। এদিনের মিছিলে বিভিন্ন গ্রাম ও এলাকার মানুষ অংশগ্রহণ করায় দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সিপিআই(এম)’র দাবি, আগামী দিনে জনস্বার্থে এই আন্দোলন আরও বৃহত্তর আকারে সংগঠিত করা হবে এবং দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রামগঞ্জ বাজারে অনুষ্ঠিত এই মহামিছিলকে ঘিরে রাজনৈতিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
CPI(M) Rally
ভোটাধিকার সহ আট দফা দাবিতে রামগঞ্জে মহামিছিল
×
Comments :0