Tea Garden jalpaiguri

ফের বন্ধ চা বাগান, জেলাশাসকের কাছে স্মারকলিপি সিপিআই(এম)-র

রাজ্য জেলা

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ থেকে ঘুরে যাওয়ার ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই ‌ফের বন্ধ হয়ে গেল জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী বেরুবাড়ি এলাকার অমরপুর চা বাগান। মালিকপক্ষের জারি করা লকআউট নোটিশ ঘিরে চা শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অবিলম্বে বন্ধ চা বাগান খোলা, শ্রমিকদের কাজ ও ন্যায্য মজুরি নিশ্চিত করা সহ কৃষক ও শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করল সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা কমিটি।

চা বাগান বন্ধের পিছনে বোনাস সংক্রান্ত বিরোধকে দায়ী করেছে  শ্রমিক সংগঠন সিআইটিইউ। শ্রমিক নেতা রামলাল মুর্মুর অভিযোগ, "বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন সরকার ঘোষিত ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড় থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।" অন্যদিকে, আইটিপিএ নির্ধারিত ১৩.৮ শতাংশ বোনাস মালিকপক্ষের তরফে দেওয়ার প্রস্তাব শ্রমিক সংগঠন মানতে চায়নি বলে অভিযোগ। অবিলম্বে জেলা প্রশাসনের উদ্যোগে শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক করে বন্ধ চা বাগান খোলার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

স্মারকলিপিতে হিমঘর থেকে বের হওয়া আলুর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ, কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং সরকারি পরিষেবা নিশ্চিত করার দাবিও জানানো হয়।

সিপিআই(এম) জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, "এই মুহূর্তে জেলার ছয়টি চা বাগান বন্ধ রয়েছে উৎসবের মরশুমে ১০০ দিনের কাজ চালু হলে এই বন্ধ বাগানের শ্রমিকরা দুটো পয়সা ঘরে নিয়ে যেতে পারতো কৃষক ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না অথচ সবজির দাম ২ টাকা বাড়লে লোক দেখানো টাসফোর্ড বাজারে ঘুরে বেড়ায় জেলার কৃষক দের অবস্থা দিন দিন মারাত্মক পর্যায়ে পৌঁছাচ্ছে ক্ষতির মুখে পড়ছে কৃষক সরকারের কোন হেলদোল নেই । শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জীবন-জীবিকার স্বার্থে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জেলাশাসক দপ্তর থেকে দুই কিলোমিটার দূরে জলা জমি বুজিয়ে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হচ্ছে সেখানে আসতো প্রচুর পরিমাণ পরিযায়ী পাখি সাধারণ মানুষের স্বার্থ ও জেলার প্রাকৃতিক সম্পদ উপেক্ষা করা চলবে না। সরকারি দলের আশ্রিত দুষ্কৃতীরা সব কিছু নিয়ন্ত্রণ করছে প্রশাসনের নজর নেই অবিলম্বে সমস্ত বিষয়ে জেলা প্রশাসনকে দেখতে হবে খুলতে হবে বন্ধ বাগান।"

জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা দেবরাজ বর্মন, কৃষ্ণ সেন, সমরজিৎ ঘোষ, শুভাশিস  সরকার সহ অন্যান্য পার্টি নেতৃত্ব।

 

Comments :0

Login to leave a comment