ভোটার তালিকায় বড় অংশের ভোটারদের বিচারাধীন রেখে নির্বাচন ঘোষণা না করা,অবিলম্বে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,বিচারাধীন অবস্থায় থাকা ভোটারদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহ একাধিক দাবিকে সামনে রেখে শনিবার কোচবিহার শহরে মিছিল ও কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কোচবিহার সদর মহকুমা শাসককে ডেপুটেশন দিল সিপিআই(এম)।
এদিন সিপিআই(এম) কোচবিহার জেলা দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি সমবেত হয় কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে। সেখানেই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে সামিল হন তাঁরা। এই কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআই(এম) নেতা মহানন্দ সাহা, অমিত দত্ত, পার্থপ্রতিম সেনগুপ্ত সহ নেতৃবৃন্দ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বৈধ ভোটারের নাম কোনভাবেই তালিকা থেকে বাদ না দেওয়া, আন্ডার অ্যাডজুডিকেশন দাগিয়ে প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা অবিলম্বে বন্ধ করার দাবিতেও এদিন সোচ্চার হন তারা।
মহানন্দ সাহা বলেন যে, নির্বাচন কমিশনের চরম ব্যর্থতার কারণে গোটা রাজ্য সহ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সাধারণ ভোটাররা অযথা হয়রানির মুখোমুখি হচ্ছেন। বেছে বেছে সংখ্যালঘু রাজবংশী এবং উদ্বাস্তু মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া ও “বিচারাধীন” অবস্থায় রাখা গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে এই আন্দোলনের সামিল হয়েছেন তারা।
Comments :0