বুক স্টল এবং ‘বইয়ের জন্য হাঁটার’ পর এবার ঘরে ঘরে বই বিক্রির নতুন কর্মসূচি নিল সিপিআই(এম)।
কর্মসূচি বিশদে জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেন, ৭-১৭ নভেম্বর, ‘নভেম্বর বিপ্লব বার্ষিকী’ পালিত হয়। ১৫ নভেম্বর, রবিবার, নভেম্বর বিপ্লব বার্ষিকীর অংশ হিসেবে এই কর্মসূচি হবে। আমাদের কাজ ঘরে ঘরে বুক স্টল। চক্রবর্তী বলেন, কাঁধে ঝোলায় বই। বই নিয়ে বাড়ি বাড়ি যাওয়া হবে। সর্বত্র তার প্রস্তুতি হচ্ছে। ৩৭টি বই চিহ্নিত করেছি। তার মধ্যে ১০টি বুকলেট একেবারে নতুন, এই সময়েই লেখা হয়েছে, তা নিয়ে যাওয়া হবে। রাজ্যের শাসক বিজেপি প্রতিবাদকে ভয় পাচ্ছে, মানুষকে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে বইকে। বুক স্টল ভাঙতে চেয়েছে। ওরা ভেবেছিল ওদের চোখরাঙানিতে মানুষ ভয় পাবে তা হয়নি। শারদোৎসব তা প্রমাণ করেছে। ৩১ অক্টোবর কলকাতার মিছিলে তা প্রমাণ হয়েছে। এবার ১৫ নভেম্বর ‘ঘরে ঘরে বুক স্টল’ কর্মসূচির ডাক দিল সিপিআই(এম)।
এই কর্মসূচি প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য সেলিম বলেন, দেশ গড়তে হলে বই পড়তে হয়। যারা দেশ গড়ে তারা বই লেখে, বই ছাপে, মত বিনিময় করে। যারা দেশ ভাঙে তাদের বুলডোজার বা অ্যাটম বোমা হলেই হয়ে যায়।
সেলিম বলেন, যারা হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামে স্বাধীনতার লড়াই করছিল তারা সারা বিশ্বের ইতিহাস লিখছিল। আর যারা কার্পেট বম্বিং করছিল তারা ধ্বংস চালাচ্ছিল। বইয়ের সংস্কৃতি হলো গড়ার সংস্কৃতি, সৃজনশীলতার সংস্কৃতি।
চক্রবর্তী বলেছেন, এই নতুন বুকটলেট অল্প দামে পৌঁছে দেওয়া হবে। তার মধ্যে জননেতা জ্যোতি বসুর পুরনো লেখা ‘আমরা কী চাই’ যেমন থাকবে তেমন থাকবে সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবির ‘জাতিবাদের নতুন চেহারা’। থাকবে ‘গণতন্ত্র ধ্বংসের অভিযানে বিজেপি’ বা ‘ভোট চুরির কীর্তিকলাপ’। পুস্তিকার আকারে থাকবে হরকিষেণ সিং সুরজিৎ, সীতারাম ইয়েচুরি, মহম্মদ সেলিমের মতো পার্টি নেতৃত্বের লেখা।
Book CPI-M 15 November
১৫ নভেম্বর বই হাতে বাড়ি বাড়ি পৌঁছাবে সিপিআই(এম)
×
Comments :0