দীপাবলীর দোরগোড়ায় অবশেষে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে। বিদায়ের পথে বর্ষার রেশ কাটিয়ে এবার ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে রাজ্য। ভোরের দিকে হালকা ঠান্ডা হাওয়া আর রাতে গায়ে চাদর জড়ানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়বে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। তবে রাতের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। ফলে সকাল ও রাতের দিকে ঠান্ডার আমেজ আরও স্পষ্ট হবে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে পরবর্তী দু'দিন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তার পরের দু'দিনে রাতের তাপমাত্রা ফের ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
তবে স্বস্তির এই আবহাওয়া দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১০ নভেম্বর থেকে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দু'-এক জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
একই দিনে দক্ষিণবঙ্গের নদিয়া, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের দু'-এক জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে দীপাবলীর আগে বাংলায় শীতের প্রাথমিক আমেজ শুরু হলেও ১০ নভেম্বর থেকে ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আপাতত বৃষ্টির দুশ্চিন্তা না থাকলেও তাপমাত্রার ওঠানামার দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।
Weather
দীপাবলীর আগেই বঙ্গে শীতের আমেজ! রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি, ১০ নভেম্বর থেকে বৃষ্টির পূর্বাভাস
×
Comments :0