Abhaya mancho

‘অভয়া’-র জন্মদিনে বিচারের দাবিতে মশাল মিছিল

রাজ্য জেলা

বিচার মেলেনি ১৮ মাস। আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর ৩৩তম জন্মদিনে মিছিল করলো অভয়া মঞ্চ। সোমবার মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার চন্দন সেন, অভয়া আন্দোলনের অন্যতম ডাক্তার তমনাশ চৌধুরী, ডাক্তার সুবর্ণ গোস্বামী সহ অভয়া মঞ্চের কর্মীরা। 
২০২৪ সালের ৯ই আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে। এদিন পানিহাটি নাটাগড় থেকে মশাল মিছিল শুরু হয়ে সোদপুর ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ৩৩ জন অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় এবং ৩৩ টা গাছ তুলে দেওয়া হয় তার জন্মদিনে তাকে স্মরণ করে। মশাল মিছিলে পানিহাটি, কামারহাটি, খড়দহ, ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চল থেকে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে তার জন্মদিনে মশাল মিছিলে অংশগ্রহণ করেন।
জলপাইগুড়িতেও এদিন হয়েছে প্রতিবাদ। চিকিৎসক আন্দোলনের নেতা ডাঃ উৎপল ব্যানার্জি বলেন, কেউ সঠিকভাবে তদন্ত করেনি। রায় হয়েছে বিচার হয়নি। উল্লেখ্য, রাজ্যের পুলিশের পর তদন্তভার যায় কেন্দ্রের সিবিআই’র কাছে। ডাঃ ব্যানার্জি বলেন, কেবল অভয়ার মৃত্যুই নয়। শিক্ষা, জনস্বাস্থ্য, চিকিৎসার প্রশ্নে অবহেলার মতো সব ক্ষেত্রেই কেন্দ্র এবং রাজ্যের মনোভাবে মিল দেখা যাচ্ছে। বিচারের দাবিতে আন্দোলন চলবে। এই আন্দোলনের পরিসরে রয়েছে সব নাগরিকের সঠিক চিকিৎসা পাওয়ার দাবিও।

Comments :0

Login to leave a comment