তৃণমূল ও বিজেপি'র জন্মদাতা আরএসএস। এই দুই দলের রাজনৈতিক কলাকুশলের কোনও পার্থক্য নেই। নীতি নির্ধারনের ক্ষেত্রে যেটা বিজেপি'র পক্ষে সম্ভব নয়, সেটা কার্যকরী করবে তৃণমূল। এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপি'কে পরাস্ত করতে হবে। বাংলাকে বাঁচাতে বামপন্থীদের জয়কে সুনিশ্চিত করতে হবে। একথা বলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
জগদ্দল বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফঃবঃ প্রার্থী পারভেজ আহমেদ খান এর সমর্থনে ঋষি অরুবিন্দ বিদ্যানিকেতনের মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টি নেতা সোমনাথ সরকার। সভায় এছাড়াও বক্তব্য রাখেন ফঃবঃ রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জী, প্রার্থী পারভেজ আহমেদ খান সহ বাম নেতৃবৃন্দ।
বিমান বসু বলেন, "এই রাজ্যে তৃণমূল বিজেপি'র পরিপুরক হিসাবে কাজ করছে। আরএসএস-এর মতাদর্শকে বাস্তবায়িত করছে বিজেপি। আর যেটা বিজেপি'র পক্ষে কার্যকর করা সম্ভব নয় সেটা কার্যকরী করার জন্য তৃণমূলের জন্ম দেয় এই বিজেপি। তৃণমূল নেত্রী আরএসএস কে নিয়ে কোনও কথা বলে না। আরএসএস-এর মুখপত্র পাঞ্চজন্য পত্রিকার বিশেষ সংখ্যা উদ্ধোধন করার জন্য মমতা ব্যানার্জি কে আমন্ত্রণ জানিয়েছিল। তিনি সেই সময় বলেছিলেন আপনাদের এখানে না আসলে বুঝতেই পারতাম না আপনারা এত ভালো মানুষ। এর প্রত্যুত্তরে আরএসএস পক্ষ থেকে মমতা ব্যানার্জি-কে মা দুর্গা বলা হয়েছিল।"
তিনি বলেন, "তৃণমূল এই রাজ্যে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। যোগ্যতাহীন শিক্ষকদের যোগ্যতা বাড়িয়ে দেওয়ার জন্য তৃণমূলের নেতা মন্ত্রীরা টাকা নিয়েছে। টাকার পাহাড় আমরা তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ির থেকে উদ্ধার হতে দেখেছি। নীতি নৈতিকতার কোনো বালাই নেই। রাজনীতিকে অরাজনৈতিক করতে চাইছে। বিজেপি শ্রমকোড তৈরি করেছে শ্রমিকদের রক্ত শোষণ করার জন্য। সারা পৃথিবীর কোনও গণতান্ত্রিক ব্যবস্থায় শ্রমকোড হয় না। অথচ তৃণমূল এটা নিয়ে কোনও কথা বলে না। রেশন দুর্নীতি হয়েছে। রেশনের টন টন চাল কালোবাজারে বিক্রি হয়েছে। এই দুর্নীতির মাথা যে মন্ত্রী তিনি জেল খেটেছেন। জেল থেকে বেরিয়ে আবার তৃণমূলের প্রার্থী হয়েছে। দুর্নীতির আকন্ঠে যাহারা ডুবে আছে তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিজেপি।"
তিনি আরও বলেন, "মোদী সরকার বছরে দুই কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। মমতা ব্যানার্জি বছরে দুই লাখ বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দেশ ও রাজ্যে কি অবস্থা? এই রাজ্যে বেকারদের যে নাম লেখানো হয়েছে সেটা ১ কোটি ছাড়িয়ে গেছে। এর মধ্যে পরিযায়ী শ্রমিক নেই সেটা ধরলে আরও বাড়বে। কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহ করতে কষ্ট হচ্ছে। মানুষকে ধর্মের নামে,বর্ণের নামে,ভাষার নামে ভাগ করছে বিজেপি। মানুষে মানুষের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করছে। এই বাংলার সংস্কৃতি সম্প্রীতি ও ঐতিহ্য কে নষ্ট করে দিচ্ছে তৃণমূল ও বিজেপি। বাংলায় বামপন্থার পুনরুজ্জীবনের জন্য ও বাংলাকে বাঁচাতে বামপন্থীদের জয়কে সুনিশ্চিত করতে হবে।"
ফঃবঃ রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জী বলেন, “তৃণমূল ও বিজেপি এই রাজ্যে সমার্থক শব্দ হয়ে গেছে। সমাজ সংস্কৃতি মূল্যবোধের ক্ষেত্রে বাংলা একসময় পথ দেখাতো। নবজাগরণের বাংলায় দেশের মানুষকে মুক্তি সংগ্রামের পথ দেখিয়েছিল। সেই বাংলায় এখন বিভাজনের রাজনীতি হচ্ছে। রাজনীতি ও দুর্নীতি এখন এই বাংলায় সমার্থক জায়গায় নিয়ে গেছে তৃণমূল। দুর্নীতি ও সাম্প্রদায়িকতার হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। এবারের নির্বাচনে বামপন্থীদের জয়কে সুনিশ্চিত করতে হবে।”
ASSEMBLY 2026 Jagaddal
তৃণমূল বিজেপি'র পরিপুরক, নির্বাচনে বাংলাকে বাঁচানোর আহ্বান বিমান বসু'র
জগদ্দল বিধানসভা কেন্দ্রের বাম মনোনীত ফঃবঃ প্রার্থী পারভেজ আহমেদ খান এর সমর্থনে সভায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
×
Comments :0