Death Manipur

ফের মিলল দুই যুবকের দেহ, মণিপুরের কাঙপোকপিতে বিক্ষোভে লাঠি পুলিশের

জাতীয়

নিখোঁজ দুই যুবকের দেহ মিলল মণিপুরের কাঙপোকপি জেলার একটি গ্রামে। একুশ বছরের টি চোঙ্গলোই এবং কুড়ি বছরের পি হাঙসিংয়ে দেহ রবিবার মেলে একটি কলাবাগান থেকে। 
মণিপুরে উত্তেজনা, সংঘর্ষ, হত্যা চলছেই। এই দুই যুবক গত ২৯ অক্টোবর থেকে তাফৌউ কুকি গ্রাম থেকে নিখোঁজ ছিলেন। দেহ মেলার পর বিক্ষোভও হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নাগা উগ্রপন্থী সংগঠন এই দুই কুকি যুবককে হত্যা করেছে। সুরক্ষা কর্মীরা বিক্ষোভকারীদের সরাতে লাঠি চালিয়েছে। কাঙপোকপি জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে হয়েছে বিক্ষোভ। কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। 
রাজ্যের বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী নেমচা কিপগেন এই হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। 
এদিকে কাঙপোকপি ভিত্তিক সংগঠন কমিটি অন ট্রাইবাল ইউনিটি আবার আরেক উপমুখ্যমন্ত্রী লোসি দিখোর পদত্যাগ দাবি করেছে। এই সংগঠন বলেছে হত্যা এবং আক্রমণের জন্য নাগা উগ্রপন্থীরা দায়ী। দিখো নিজে নাগা জনজাতির। দাবি উঠেছে যে গ্রামে নিহত দুই যুবকের বাড়ি, সেই তাফৌউ সেনপতি জেলার আওতা থেকে সরিয়ে কাঙপোকপি জেলা পুলিশের আওতায় আনতে হবে। 
রবিবার সেনাপতি এবং কাঙপোকপি জেলা সীমান্তে টহল দিয়েছে সিআরপিএফ এবং আসাম রাইফেলস। 
এর আগে, গত শনিবার, নোনি জেলায় সংঘর্ষে নিহত হন তিন কুকি যুবক। 
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মণিপুর কুকি এবং নাগা জনগোষ্ঠীর সংঘর্ষে রক্তাক্ত হয়েছে। সংবাদসংস্থা জানাচ্ছে অন্তত ৫০জনের মৃত্যু হয়েছে। কাঙপোকপি, উখরুল, নোনি, তামেঙলঙ জেলায় বহু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। 
তার আগে বিজেপি সরকারের মেয়াদেই মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। মহিলাদের ওপর ভয়াবহ অত্যাচার হয়েছে। এখনও ৪৯ জনের খোঁজ নেই। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয় শিবিরে।

Comments :0

Login to leave a comment