রাজ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে সেটিকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এর ফলে ভবিষ্যতে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই স্বীকৃত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগের পথ খুলবে। বৃহস্পতিবার এক সরকারি আধিকারিক এই কথা জানিয়েছেন।
সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। তবে প্রস্তাবটি কার্যকর করতে প্রয়োজন হবে বিধানসভায় আইন সংশোধনের। মঙ্গলবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, মাদ্রাসা সার্ভিস কমিশনকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সংযুক্ত করা হবে।
শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সংযুক্তির জন্য বিধানসভায় দুটি পৃথক বিল আনার সম্ভাবনা রয়েছে। একটি বিলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন বাতিলের প্রস্তাব থাকবে। অন্য বিলের মাধ্যমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।
শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বিনোদ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই এই সংক্রান্ত পদক্ষেপ করা হবে। তিনি বলেন, বিধানসভায় বিলগুলি পাশ হওয়ার পর তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে। রাজ্যপালের সম্মতি পাওয়ার পর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নতুন ব্যবস্থা কার্যকর করা হবে।
প্রস্তাবিত সংযুক্তির ফলে স্বীকৃত মাদ্রাসাগুলিতে শিক্ষক নিয়োগও স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কাঠামোর আওতায় চলে আসবে। সরকারের দাবি, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও সুসংহত করা এবং নিয়োগ ব্যবস্থায় অভিন্নতা আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য পৃথক কমিশনের পরিবর্তে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।
Madrasah
মাদ্রাসা সার্ভিস কমিশন বিলুপ্ত করে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে সংযুক্তির উদ্যোগ রাজ্য সরকারের
×
Comments :0