Child Marriage

বাল্যবিবাহের অভিযোগে স্বরূপনগরে গ্রেপ্তার যুবক

জেলা

ছবি প্রতীকী।

বাল্যবিবাহের অভিযোগে উত্তর ২৪পরগনার স্বরূপনগরে গ্রেপ্তার যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নূর হোসেন মণ্ডল(২৯)। তার বাড়ি  স্বরূপনগর থানার আমুদিয়া এলাকায়। অভিযোগ, বছর দুই আগে সে সাড়ে ১৫ বছরের ওই নাবালিকাকে বিয়ে করে। নাবালিকার বর্তমান বয়স সাড়ে ১৭ বছর। ইতিমধ্যেই ওই দম্পতির একটি সন্তানের জন্ম হয়েছে। কিন্তু জন্ম সার্টিফিকেট করতে গিয়ে বিষয়টি জানাজানি হতেই শনিবার স্বরূপনগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রশাসনের তরফে বারবার প্রচার চালিয়ে সাধারণ মানুষকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হচ্ছে। ১৮ বছরের কম বয়সি মেয়ের বিয়ে আইনত অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী, এই ধরনের অপরাধে জেল ও জরিমানার বিধান রয়েছে। তা সত্ত্বেও বাল্যবিবাহের এই ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে। বাল্যবিবাহ রুখতে এবং এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। বাল্যবিবাহ বন্ধ করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আবেদন জানানো হচ্ছে।

Comments :0

Login to leave a comment