মুখ্যমন্ত্রী যতই হুমকি দিক কোন ভাবেই পোস্ট থেকে হিন্দুত্ববাদী শব্দ বাদ দেবেন না বলেই জানালেন সিপিআই(এম) নেতা প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীকে অসাংবিধানিক কাজের জন্য দৌড় করানোর হুঙ্কার দিলেন বিকাশ।
শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘যে হামলা করেছে সে তৃণমূল কর্মী। আইন মেনে পুলিশ কাজ করছে।’ এরপরই হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন সাংসদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিকাশ বাবু হিন্দুত্ববাদীদের আক্রমণ করেছেন তার ফেসবুক পোস্টে। হিন্দু সম্প্রদায়কে অপমান করেছেন। ওনাকে বলবো ২৪ ঘন্টার মধ্যে ওই পোস্ট থেকে হিন্দুত্ববাদী শব্দ বাদ দিতে। বাদ না দিলে কলকাতা পুলিশের সাইবার সেলের পক্ষ থেকে ওই পোস্টকে নামিয়ে দেওয়া হবে।’
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে গড়ফা এবং তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছে আরএসএসের কর্মীরা। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিকাশ বাবুর বিরুদ্ধে দুটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন গুলোর পক্ষ থেকে। পুলিশকে বলেছি পদক্ষেপ নিতে। বার বার হিন্দুত্ববাদীদের আক্রমণ করবে পেশার মর্যাদাকে ব্যবহার করে তা মেনে নেওয়া হবে না।’
মুখ্যমন্ত্রীর এই কথার পরিপ্রেক্ষিতে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘মুখ্যমন্ত্রী বাংলা কথার মানে বোঝেন না। আমি সচেতন ভাবেই ফেসবুকে ওই কথা গুলো লিখেছি। পোস্ট নামানো বা তা ঠিক করার কোন প্রশ্নই আসে না।’ মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘সংবিধান মেনে কোন কাজ করছেন না শুভেন্দু অধিকারী। সংবিধান বিরোধী কাজ করছেন উনি। শুভেন্দু অধিকারীকে তৈরি থাকবে হবে, আগামীদিনে তার এই অসাংবিধানিক কাজের জন্য দৌড় করাবো।’
গতকাল সকালে বাড়িতে হামলা হওয়ার পর বিকাশরঞ্জন ফেসবুকে লেখেন, ‘আজ সকাল ৫ টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটর বাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলা র কাঁচ ভেঙে পালিয়ে গেছে । অল্পের জন্য আমার কাজের সহায়িকা বেঁচে গেছে।’ তার এই পোস্টের পর থেকেই তাকে নিশানা করেছে বিজেপি, আরএসএস।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই সরকার কাউকে অধিকার দেয়নি কোন সম্প্রদায়, ধর্মে আক্রমণ করার অধিকার দেয়নি।’ উল্লেখ্য মুখ্যমন্ত্রী নিজে একাধিক বার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে নির্দিষ্ট ভাবে আক্রমণ করেছে। তাকে একাধিকবার বলতে শোনা গিয়েছে যে সংখ্যালঘুরা বিজেপিকে ভোটা দেয় না। সংখ্যালঘুদের ‘শুক্রবারি’ বলেও তিনি আক্রমণ করেছেন।
Comments :0