মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে এখন লোকসভা আসন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করছে কেন্দ্র। ১৬ এপ্রিল থেকে তিনদিনের অধিবেশন ডাকা হয়েছে সংসদের। মহিলা সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েও তড়িঘড়ি লোকসভার আসন বৃদ্ধির প্রস্তাবে প্রশ্ন তুললেন সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস।
এর আগে সব অংশের সঙ্গে আলোচনা না করে তাড়াহুড়ো করে সংসদের অধিবেশন ডেকে সংবিধান সংশোধনী পাশ করানোর প্রস্তাবে আপত্তি জানিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
রবিবার ব্রিটাস বলেছেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম (চালু কথায় মহিলা সংরক্ষণ আইন) বিল ২০২৩ সালে পেশ হয়েছিল সংসদে। সংসদ ও বিধানসভায় এক তৃতীয়াংশ আইন মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে আইনে। সিপিআই(এম) এই আইন প্রয়োগে দেরি নিয়ে প্রশ্ন তুলেছে আগেই। পাঠানো হয়েচিল প্রয়োজনীয় সংশোধনী।
ব্রিটাস বলেছেন, তাড়াতাড়ি চালু করার বিকল্প প্রস্তাবে আমল না দিয়ে বিশেষ অধিবেশন ডেকে একগুচ্ছ সংশোধনী বিল পাশ করানোর তোড়জোড় শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে সংসদের আসন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব। এ সব করা হচ্ছে যখন তামিলনাডু এবং পশ্চিমবঙ্গে নির্বাচন প্রক্রিয়া চলছে।
ব্রিটাস বলেছেন, নতুন প্রস্তাব অনুযায়ী লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে হবে ৮১৬। উত্তর ভারতের রাজ্যগুলিতে ২০০ আসন যোগ হবে। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে যোগ হবে ৬৫টির মতো আসন। তিনি বলেছেন, রাজনীতিতে সংখ্যা বিষয় হয়ে দাঁড়ায়, অনুপাত নয়। এই প্রস্তাব পাশ হলে যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য ব্যাহত হবে। দেশের বৈচিত্রও ব্যাহত হবে। এই দু’টিই গণতন্ত্রের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়।
সরকারকে এই বিষয়গুলিতে নজর দেওয়ার অণুরোধ জানিয়েছেন তিনি।
কেন্দ্রের মোদী সরকার যে আইন পাশ করেছে সেখানে মহিলা বিল চালুর সঙ্গে আসন পুনর্বিন্যাস এবং নতুন জনগণনার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
এর আগে পলিট ব্যুরো বলেছে ডিলিমিটেশন কমিশন গড়াই হয়নি। অন্যদিকে জনগণনার কাজও শুরু হয়নি। আমরা ২০২৩ সালে বিলটিকে সমর্থনের সময়েই আবেদন জানিয়েছিলাম এই দুই বিষয়কে মহিলা সংরক্ষণের থেকে আলাদা রাখা হোক।
পলিট ব্যুরো বলেছে, বিরোধীরা বারবার সর্বদলীয় বৈঠকের দাবি জানালেও তা অগ্রাহ্য করা হয়েছে। রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের মাঝে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রস্তাব আনা হয়েছে। তা অত্যন্ত আপত্তিকর এবং একেবারেই গ্রহণযোগ্য নয়। সিপিআই(এম)’র দাবি, সব পক্ষের সঙ্গে বিশদে আলোচনা না হওয়া পর্যন্ত লোকসভার আসন বাড়ানোর প্রস্তাব স্থগিত রাখা হোক।
Brittas on Lok Sabha Seat increase
মহিলা সংরক্ষণের নামে আসন বৃদ্ধিতে ব্যাহত হবে যুক্তরাষ্ট্রীয় ভারসাম্য: ব্রিটাস
×
Comments :0