SFI

পড়ুয়াদের যাতায়াত সমস্যার সমাধানে এসএফআই’বের পথ অবরোধ আমগুড়িতে

জেলা

ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়ায় ছাড় এবং রামসাই থেকে জলপাইগুড়ি রুটে বন্ধ হয়ে যাওয়া সরকারি বাস পরিষেবা পুনরায় চালু করার দাবিতে শনিবার ময়নাগুড়ির আমগুড়িতে পথ অবরোধে শামিল হলেন এসএফআই কর্মী ও সমর্থকরা।
দীর্ঘদিন ধরে রামসাই-জলপাইগুড়ি রুটে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় ওই এলাকার ছাত্র-ছাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয়ভাবে পর্যাপ্ত বাস পরিষেবা না থাকায় পড়ুয়ারা বাধ্য হয়েই টোটো বা অন্যান্য অনির্ভরযোগ্য যানের ওপর নির্ভরশীল, যা তাদের সময় ও অর্থ—উভয়েরই অপচয় ঘটাচ্ছে। এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যেই এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্ররা।
এসএফ আই এর জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ জানিয়েছেন, "পূর্বের সরকারের মত বর্তমান রাজ্য সরকারও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ উদাসীন। শিক্ষার অধিকারের সাথেই যাতায়াতের সুব্যবস্থা জড়িত। রামসাই থেকে জলপাইগুড়ি রুটে সরকারি বাস বন্ধ করে দিয়ে পড়ুয়াদের কার্যত অন্যায় করা হয়েছে। অবিলম্বে বাস পরিষেবা চালু করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি বাস পাস বা ভাড়ায় বিশেষ ছাড়ের দাবি মানতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।"
এদিনের কর্মসূচিতে এসএফআই-এর জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ি লোকাল কমিটির সভাপতি মানব রায়, সৌরভ দে-সহ সংগঠনের জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment