AIKS

কৃষি বাঁচাতে জয়ী কর বামপন্থীদের, আহ্বান কৃষক সভার প্রতিষ্ঠা দিবসে

জেলা

রানিগঞ্জে কৃষক সভার পতাকা উত্তোলন।

কৃষিকে কর্পোরেট কব্জা করছে। রুখতে হবে এই বিপদ। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত করতে হবে। সেই জন্য বিধানসভা ভোটে হারাতে হবে তৃণমূল এবং বিজেপিকে।
শনিবার এই আহ্বান ধ্বনিত হয়েছে সারা ভারত কৃষক সভার ৯১ তম প্রতিষ্ঠা দিবসে।
পশ্চিম বর্ধমান জেলার ১৬ টি ব্লক ও থানা কমিটি গ্রামে গঞ্জে সংগঠনের লাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করে দিনটি। 
এদিন লালঝাণ্ডা নিয়েই কৃষকরা মিছিল করেন।  মিছিল থেকে আওয়াজ ওঠে,  "কৃষি,  কৃষক ও গ্রামীণ অর্থনীতির সর্বনাশের জন্য দায়ী বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করো।"  
কৃষক সভার পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক প্রিয়ব্রত সরকার উদ্বেগের সঙ্গে জানান, নির্বাচনের প্রাক্কালে এসআইআর-এর নামে রাজ্যের সংখ্যালঘু ও প্রান্তিক গরিব মানুষের  নাম বাতিল করা হচ্ছে।  
বিজেপি ও তৃণমূল সারা পশ্চিমবাংলাকে ধ্বংসের কিনারায় দাঁড় করিয়েছে।  বামপন্থীরা নির্বাচনী ইস্তেহারে স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী ১৬ টি ফসলের নূন্যতম সহায়ক মূল্য খরচের দেড় গুণ সুনিশ্চিত  করার ঘোষণা করেছে।  সেচ প্রকল্প, উন্নত বীজ ও বিকল্প কৃষির গড়ে তোলার দাবির সঙ্গে বাংলা বাঁচানোর লক্ষ্যে বামপন্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।

Comments :0

Login to leave a comment