রাজ্যের বিভিন্ন প্রান্তে গণ অবস্থান কর্মসূচী পালন করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। বিজেপি’র দুষ্কৃতী বাহিনীর হাতে আক্রান্তও হতে হলো প্রবীণ নাগরিকদের। মেদিনীপুর শহরে কর্মচারী ভবনের গেটে অবসরপ্রাপ্ত কর্মচারীদের ওপর হামলা চালালো গেরুয়া বাহিনী। চলল হুজ্জুতি, ছোঁড়া হলো ডিম। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জঘন্য গালাগালি করল বিজেপি’র বাহিনী।
এদিকে মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি সমাজপাড়া মোড়ে বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত অবস্থান চালায়। অংশ নেন পেনশনার ও প্রবীণ নাগরিকরা। অবস্থানে সভাপতিত্ব করেন তপতি বোস ও সুভাষ বিশ্বাস। প্রস্তাব উত্থাপন করেন আনন্দ দে সরকার। বক্তব্য রাখেন সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, সিআইটিইউ-এর জেলা সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, যুক্ত মঞ্চের নেতৃত্ব উত্তম সরকার এবং রাজ্য কো-অর্ডিনেশন কমিটির জেলা শাখার যুগ্ম সম্পাদক রাজদীপ দত্ত।
জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির গণ অবস্থান। ছবি: প্রবীর দাশগুপ্ত
বক্তারা বলেন, পেনশন ভ্যালিডেশন আইন বাতিল, অষ্টম বেতন কমিশনের কার্যবিধিতে পেনশন সংশোধনকে অন্তর্ভুক্ত করতে হবে। বেতন কমমিশনের সুপারিশ কার্যকর না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন রিলিফ দিতে হবে। পেনশনের সঙ্গে ৫০ শতাংশ ডিএ/ডিআর যুক্ত করা, ১৫ বছরের পরিবর্তে ১০ বছর ৮ মাসে কমিউটেশনের টাকা ফেরত, রেল ও বিমান ভাড়ায় প্রবীণদের ৫০ শতাংশ ছাড়, ক্যাশলেস চিকিৎসা এবং বয়স অনুযায়ী পেনশন বৃদ্ধির দাবিও জানান তাঁরা।
Comments :0