Incident

বিধানসভার ক্যান্টিনের শৌচাগার থেকে উদ্ধার কর্মীর দেহ, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা

কলকাতা

পশ্চিমবঙ্গ বিধানসভার ক্যান্টিনের শৌচাগার থেকে উদ্ধার হল এক কর্মীর নিথর দেহ। সোমবার সকাল প্রায় ৯টা ১০ মিনিট নাগাদ ঘটনাটি নজরে আসে। মৃতের নাম উমেশচন্দ্র দাস (৪৬)। তিনি বিধানসভার ক্যান্টিনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। প্রায় ১৫ বছর ধরে ওই ক্যান্টিনে কর্মরত ছিলেন তিনি।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বিধানসভার ক্যান্টিন বিভাগের শৌচাগারের ভিতরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় উমেশচন্দ্রকে। দ্রুত তাকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে (এমসিএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, উমেশচন্দ্রের শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখনও পর্যন্ত কোনও ধরনের অন্তর্ঘাতের প্রমাণ মেলেনি। এই ঘটনায় কোনও পক্ষ থেকে অভিযোগও দায়ের করা হয়নি।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার তদন্তে ডিডি হোমিসাইড শাখার একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Comments :0

Login to leave a comment