Bangladesh

পোশাকশিল্পের শ্রমিকদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান ওয়ার্কাস পার্টি ও সিপিবি’র

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান, ঢাকা

ন্যূনতম মজুরির দাবিতে কয়েক দিন ধরে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের, হকারদের দাবিকে অগ্রাহ্য করে চলেছে সরকার। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমেদ বকুল সোমবার এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিকদের মুজরি বৃদ্ধি, খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর ন্যায় সঙ্গত দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে উদ্ভুত পরিস্থিতিতে আন্দোলনরত শ্রমিকদের অতীতের ন্যায় আইনশৃঙ্খলা বাহিনী ও পেটোয়া বাহিনী কর্তৃক নির্মমভাবে দমন এবং শ্রমিক, শ্রমিক নেতাদের গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতে তারা বলেন, একইসাথে একটি মহল শ্রমিকদের ন্যায্য দাবীর আন্দোলনকে অতীতের ন্যায় ষড়যন্ত্রের তত্তের সেই পুরনো বুলি দিয়ে নস্যাতের চেষ্টা করছে। নেতৃবৃন্দ পোশাকশিল্পে শান্তিপূর্ণ ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, শ্রমিকদের নূন্যতম মুজরী ৩৭,১২৫ টাকা ও খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর দাবি দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা শ্রমিক ও শ্রমিকনেতাদের ওপর সকল প্রকার দমন, পিড়ন হামলা, হয়রানি, নির্যাতন, মিথ্যা মামলা ও অন্যায়ভাবে ছাঁটাই বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এদিকে, গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এবং আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি নিপীড়ন, হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে  বিকালে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য ও গার্মেন্ট শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য বর্ষীয়ান জননেতা মুজাহিদুল ইসলাম সেলিম, কন্ট্রোল কমিশন চেয়ারম্যান ও বর্ষীয়ান শ্রমিকনেতা মাহাবুব আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গার্মেন্ট শ্রমিকনেতা মন্টু ঘোষ।
সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতায় পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরির দাবি অত্যন্ত যৌক্তিক। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত গার্মেন্ট শিল্পের শ্রমিকরা তাঁদের শ্রম ও ঘামে এই শিল্পকে সচল রেখেছেন। অথচ তাঁদের জীবনযাপন, খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার ন্যূনতম ব্যয় নির্বাহের মতো মজুরি নিশ্চিত করা হচ্ছে না। শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সাড়া না দিয়ে বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি আরও বলেন, রাজধানীর মিরপুরসহ আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি হামলা, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে। 
শ্রমিকনেতা মাহাবুব আলম বলেন, সরকার মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের মজুরি পুনর্নিধারণের একটি প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু একদিকে মজুরি বোর্ড গঠন, অন্যদিকে শ্রমিকদের আন্দোলনে পুলিশি বলপ্রয়োগ পরস্পরবিরোধী। মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু ও সম্পন্ন করার দাবি জানান তিনি ।  
গার্মেন্ট শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, শ্রমিকের ন্যায্য মজুরির দাবি কোনো অপরাধ নয়। শান্তিপূর্ণ আন্দোলন ও সংগঠিত হওয়ার অধিকার শ্রমিকদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার।
সমাবেশের সভাপতি সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের ওপর পুলিশি হামলা ও বলপ্রয়োগ বন্ধ, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেপ্তারকৃত শ্রমিকদের অবিলম্বে মুক্তি, চাকরিচ্যুতি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ এবং দ্রুত মজুরি বোর্ডের কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান। তিনি, একই সঙ্গে মালিক, সরকার ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে কার্যকর আলোচনার মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Comments :0

Login to leave a comment