কলকাতা পৌরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার রায় ঘোষণা হবে শুক্রবার। তার আগে করা যাবে না নির্বাচনের দিন ঘোষণা। বুধবার একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ১৪৪ থেকে কলকাতা পৌরসভার ওয়ার্ড বেড়ে হয়েছে ২০৯। এই পুনর্বিন্যাস নিয়ে বিরোধীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ তোলা হয়েছে।
সিপিআই(এম) কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীপু দাস ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মামলা করেন হাইকোর্টে। হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ তাতে কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়েই দু’পক্ষের কাছে হলফনামা চেয়েছিল। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে এবং তার পরের দু’সপ্তাহের মধ্যে মামলাকারীকে হলফনামা দিতে বলেছিলেন। সিঙ্গল বেঞ্চের ওই অবস্থানকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন দীপু দাস। সেই মামলার শুনানি বুধবার হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখার্জির ডিভিশন বেঞ্চে।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এখনই পৌরভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। আসন পুনর্বিন্যাস নিয়ে যে মামলা হয়েছিল, তার শুনানি শেষ হয়েছে। শুক্রবার রায় ঘোষণা করা হবে। তার আগে ভোটের বিজ্ঞপ্তি জারি করা যাবে না। দীপু দাসের হয়ে হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, পৌরসভা ভেঙে যাওয়ার পরে পুর কমিশনারের ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ করার ক্ষমতাই নেই। অথচ তিনি সেই ক্ষমতা প্রয়োগ করেছেন।
অভিযোগ, ওয়ার্ডগুলির সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে যুক্তিসঙ্গত সামঞ্জস্য রাখা হয়নি। ওয়ার্ডগুলির জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক সামঞ্জস্যের বিষয়গুলি যথাযথ ভাবে বিবেচনা করা হয়নি।
KMC High Court
শুক্রবার কলকাতা পৌরসভা ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার রায়, তার আগে নয় ভোট ঘোষণা
×
Comments :0