আকাদেমি অব ফাইন আর্টস-এর সংশ্লিষ্ট অংশে গেরুয়া রং করার পেছনে রাজ্য সরকারের কোনও ভূমিকা আছে কী? যদি তা না থাকে তাহলে প্রকাশ্যে সেই দায় অস্বীকার করে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের তরফে আইনি পদক্ষেপ নেওয়া হোক, বলে দাবি জানিয়েছেন বিশিষ্ট নাট্যকার, নাট্যকর্মীরা। আকাদেমি অব ফাইন আর্টস’কে গৈরিকীকরণের বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টচার্য’র কাছে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাবি করে চিঠিও দিয়েছেন তাঁরা।
সম্প্রতি ৮০ বছরের পুরানো আকাদেমি অব ফাইন আর্টস-র সামনে টিকিটঘরের পাশে থাকা নিরাপত্তারক্ষীদের ঘরের রং রাতারাতি বদলে গেছে গেরুয়াতে। নাট্যকর্মীদের অভিযোগ, বিজেপি’র কিছু লোকজনই এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার আকাদেমি অব ফাইন আর্টস চত্বরে নাট্যকর্মীরা একটি প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। শনিবারই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে এই ঘটনার ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নাট্যকার চন্দন সেন।
এই প্রসঙ্গে চন্দন সেন বলেছেন, শমীক ভট্টাচার্য বহুবছর ধরে নাট্যজগতের সঙ্গে যুক্ত। রাজ্যে সরকার গড়ার পর বিভিন্ন অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে আমরা বারবার তাঁকে বলতে শুনেছি, সেইসমস্ত ঘটনার সঙ্গে বিজেপি’র কোনও সম্পর্ক নেই। বিজেপি’র নাম করে নাকি এই ধরনের ঘটনা অতি উৎসাহী কিছু লোকজন ঘটিয়ে চলেছে। তিনি বলেন, আমরা তাঁর কাছে জানতে চেয়েছি আকাদেমি অব ফাইন আর্টস-কে গৈরিকীকরণ করার ক্ষেত্রেও কি ওঁর সেই একই অভিমত? যদি তা হয়ে থাকে তা হলে প্রকাশ্যে তা ঘোষণা করে, যে বা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং সরকারের তরফে এই নিশ্চয়তা দেওয়া হোক যে আগামী দিনে এই ধরনের ঘটনা আর ঘটবে না। কারণ আজ আকাদেমি অব ফাইন আর্টস রং করা হচ্ছে, কাল ন্যাশনাল লাইব্রেরির রং বদলে দেওয়া হবে, পরশু দেখব রবীন্দ্রসদনের রং বদলে গেছে। এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। এই প্রবণতাকে গোড়াতেই শেষ করা হোক। এইভাবে আমাদের শিক্ষা-সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত স্থাপত্যগুলিকে কলুষিত করার অধিকার কোনও রাজনৈতিক দলেরই নেই।
রবিবার এই ঘটনার দায় অস্বীকার করে সংবাদমাধ্যমকে শমীক ভট্টাচার্য দাবি করেছেন যে এই ঘটনা বিজেপি’র কেউ ঘটায়নি। যদিও নাট্যকারদের পাঠানো চিঠির জবাবে এখনো উত্তর আসেনি রাজ্য বিজেপি সভাপতির তরফে। নাট্যকর্মীদের বক্তব্য, শমীক ভট্টাচার্য’র সঙ্গে দেখা করে তাঁরা এই বিষয়ে কথা বলতে চেয়েছেন। তাঁরা বলছেন, আমরা দীর্ঘ ১৫ বছর এমন একটা সরকারের সময় কাটিয়ে এসেছি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া কোনও নাট্য সম্মেলন হতো না।
তাঁরা বলেছেন, আমরা দীর্ঘদিন সরকারি প্রেক্ষাগৃহ পাইনি শুধুমাত্র তৃণমূল সরকারকে সমর্থন না করার জন্য। সেই সংস্কৃতির চর্চাকেই যদি বিজেপি আরও বৃহত্তরভাবে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে এখন থেকেই প্রতিবাদ করতে হবে। বিজেপি’র রাজ্য সভাপতির কাছে লেখা চিঠিতে চন্দন সেন, মেঘনাদ ভট্টাচার্য, অরুণ মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, সৌরভ পালোধী সহ ২০ জন নাট্যকর্মীর স্বাক্ষর রয়েছে। নাট্যকার সীমা মুখোপাধ্যায়, অরুপ রায় সহ একাধিক বিশিষ্টজন প্রতিবাদে শামিল হয়েছেন।
Academy of fine arts
আকাদেমিতে গেরুয়া রং, প্রতিবাদে ন্যাট্য কর্মীরা
×
Comments :0