মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে টোটো দুর্ঘটনায় আহত হল দুই মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার সকালে চালসা–মেটেলি রাজ্য সড়কের চালসা রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আহত পরীক্ষার্থীদের একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।
জানা গেছে, এদিন মেটেলি থেকে চালসা গয়ানাথ বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্রে টোটোতে করে যাচ্ছিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী অনন্যা তালুকদার ও মৃত্তিকা মজুমদার। তাঁদের সঙ্গে টোটোতেই ছিলেন কয়েকজন অভিভাবক। চালসা রেলগেট সংলগ্ন এলাকায় পৌঁছনোর পর হঠাৎই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় টোটোয় থাকা সকলেই আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও মাধ্যমিক পরীক্ষার কর্তব্যরত আধিকারিকেরা। জানা যায়, আহত দুই পরীক্ষার্থীই মেটেলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
চিকিৎসকদের মতে, অনন্যা তালুকদারের আঘাত তুলনামূলক কম হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর সে চালসা গয়ানাথ বিদ্যাপীঠেই নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা দেয়। অন্যদিকে মৃত্তিকা মজুমদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালেই তার পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়।
মেটেলির অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় চন্দ্র রায় জানান, আহত পরীক্ষার্থীর পরীক্ষা যাতে ব্যাহত না হয়, তার জন্য হাসপাতালেই যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরীক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়ায়। পরীক্ষার মরসুমে রাস্তাঘাটে যানবাহনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।
E-Rickshaw Accident Chalsa
টোটো উলটে আহত মাধ্যমিকের দুই পরীক্ষার্থী
আহত ছাত্রীরা চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে।
×
Comments :0