TMC Leader Maynaguri

‘যুব সাথী’র টাকায় যুবসমাজকে গুটখা খাওয়ার নিদান ময়নাগুড়ির তৃণমূল নেতার

জেলা

রাজ্য সরকারের ঘোষিত ‘যুব সাথী’ প্রকল্পের সামান্য ভাতার টাকা নিয়ে যখন চারদিকে উপহাসের মেজাজ, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন ময়নাগুড়ির এক প্রভাবশালী তৃণমূল নেতা। বেকার যুবক-যুবতীদের প্রতি চরম ঔদ্ধত্য প্রদর্শন করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সেন নিদান দিলেন— ওই ভাতার টাকায় যুবকরা যেন ‘গুটখা’ কিনে খান। তাঁর এই এই কুরুচিকর মন্তব্যের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও’র সত্যাতা যাচাই করেনি গণশক্তি ডিজিটাল।
ময়নাগুড়িতে দলীয় কার্যালয়ে আয়োজিত একটি সভা থেকে এই কুরুচিকর মন্তব্য করেন তিনি। বিশ্বজিৎ সেনকে বলতে শোনা যায়, যুব সাথী প্রকল্পের টাকা দিয়ে অন্তত গুটখা খাওয়ার খরচটা উঠে আসবে। শাসকদলের নেতার মুখে কর্মসংস্থানের বিকল্প হিসেবে নেশাদ্রব্যের এই ‘পরামর্শ’ প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ময়নাগুড়ি ব্লক জুড়ে আন্দোলনে নামতে চলেছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই মন্তব্য আসলে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতীর মুখে চপেটাঘাত।
ডিওয়াইএফআই জেলা সভাপতি অর্পণ পাল বলেন, "তৃণমূল নেতার এই মন্তব্যেই পরিষ্কার যে এই সরকার যুব সমাজকে ঠিক কোন চোখে দেখে। আমরা ভিক্ষা চাইনি, আমরা কাজ চেয়েছি। চুরির টাকায় নেতাদের ভুঁড়ি বাড়ছে, আর বেকারদের ৫০০-১০০০ টাকা দিয়ে গুটখা খাওয়ার নিদান দেওয়া হচ্ছে। এটা শুধু রাজনৈতিক দেউলিয়াপনা নয়, শিক্ষিত সমাজের প্রতি চূড়ান্ত অবমাননা। আমরা এর শেষ দেখে ছাড়ব।"
রাজ্য সরকার যখন যুব সাথী প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সাফল্যের দাবি করছে, তখন জেলা স্তরের নেতার এই ‘গুটখা’ মন্তব্য করছে। কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়ে এখন যুবসমাজকে নেশার পথে ঠেলে দিতে চাইছে শাসকদল।
সাধারণ মানুষের প্রশ্ন, যেখানে সুস্থ কাজের পরিবেশ তৈরি করার কথা, সেখানে নেতার মুখে এমন ‘বেফাঁস’ কথা কি নিছক ভুল, নাকি আদতে এটাই তৃণমূলের আসল দৃষ্টিভঙ্গি?

Comments :0

Login to leave a comment