Cuba Aid Mexico

আমেরিকার নিষেধাজ্ঞার মুখে সঙ্কট জ্বালানি তেলের, কিউবাকে ত্রাণ মেক্সিকোর

আন্তর্জাতিক

মেক্সিকোর ত্রাণবাহী জাহাজ কিউবার বন্দরে।

একগুচ্ছ নিষেধাজ্ঞা বসিয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সঙ্কটের সময়েও জন পরিষেবা এবং সামাজিক সুরক্ষাকে অটুট রাখার লড়াই চালাচ্ছে সমাজতান্ত্রিক কিউবা।
কিউবার অর্থমন্ত্রী রেগুয়েইরো অ্যালে পেশ করেছেন বাজেট। শিক্ষা এবং স্বাস্থ্যের সর্বজনীন সব প্রকল্প বজায় রাখার ঘোষণা করেছেন তিনি। জানিয়েছেন সামাজিক সুরক্ষা বজায় রাখা হবে কঠিন অর্থনৈতিক সঙ্কট সত্ত্বেও। 
আমেরিকার সংবাদমাধ্যম জানাচ্ছে যে কিউবায় তেল সরবরাহ বন্ধ করার সব ব্যবস্থা করেছে ট্রাম্প প্রশাসন। দাবি করা হয়েছে যে স্বাস্থ্য, শিক্ষা এবং পরিবহণে পরিষেবা নিয়ন্ত্রণ করতে হচ্ছে কিউবাকে। 
আমেরিকার নিষেধাজ্ঞা কেবল দ্বিপাক্ষিক নয়। অন্য কোনও দেশ কিউবার সঙ্গে সম্পর্ক রাখলে সেই দেশকেই কঠিন নিষেধাজ্ঞার মুখে ফেলার হুমকি দিচ্ছে আমেরিকা। 
এয়ার কানাডা কিউবায় তেলের অভাবের যুক্তিতে স্বাভাবিক বিমান যোগাযোগ চালু না রাখার ঘোষণা করেছে। 
তবে মেক্সিকো জানিয়েছে যে কিউবার সঙ্গে বিমান যোগাযোগ বজায় রাখা হবে। কিউবার সংবাদমাধ্যম ‘প্রেনসা লাতিনা’ জানিয়েছে যে ৮১৪ টন মানবিক ত্রাণও পাঠিয়েছে মেক্সিকো। সংহতির জন্য মেক্সিকোকে ধন্যবাদ জানিয়েছেন কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ ক্যানেল। দুধ, খাদ্য, চাল, ভোজ্য তেলের মতো সামগ্রী পাঠিয়েছে মেক্সিকো। 
স্পেনের বিমান সংস্থা আইবেরিয়া এবং এয়ার ইউরোপা কিউবায় যোগাযোগ বজায় রাখার ঘোষণা করেছে। মাদ্রিদ থেকে উড়ান তেল নেওয়ার জন্য মাঝে নামবে ডমিনিকান রিপাবলিকে। 
সংবাদ প্রতিষ্ঠান সিএনএন-কে আমেরিকারই বিমান পরিবহণ সংস্থা আমেরিকান এয়ারলাইন্স এবং ডেলটা এয়ারলাইন্স জানিয়েছে যে পর্যাপ্ত তেল নিয়ে যাতায়াত চালু রাখা হবে। 
ছোট্ট দ্বীপরাষ্ট্র কিউবা মানবোন্নয়ন সূচকে ধনী পশ্চিমী বহু দেশের তুলনায় এগিয়ে। সামাজিক সুরক্ষা, মানবসম্পদে সরকারি ব্যয়ের অনুপাতও বেশি। এমনকি অন্য বহু দেশকে চিকিৎসক দল এবং স্বাস্থ্যকর্মী পাঠিয়ে সহায়তা করেছে কিউবা। 
কিউবার বাজেটে কৃষি উৎপাদন এবং খাদ্য সুরক্ষা খাতেও জোর দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment