মীর আফরোজ জামান: ঢাকা
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। তার আগে আমেরিকা থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে ইউনূস সরকার। বিদেশ মন্ত্রক মার্কিন রাষ্ট্রদূত ও উপরাষ্ট্র উপদেষ্টার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন এই চুক্তির অংশ হিসেবে দেশটির বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে নতুন ২৫টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নেটওয়ার্ক ও বহর সম্প্রসারণের জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুমোদন করেছে। এর ধারাবাহিকতায় উড়োজাহাজ ক্রয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িং এবং এয়ারবাসের কাছ থেকে প্রস্তাব গ্রহণ ও পর্যালোচনা শুরু করে। বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কিনতে ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শুরুতে ৪৭টি উড়োজাহাজ বিক্রির প্রস্তাব দিলেও বর্তমান সরকার আপাতত ২৫টি কেনার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য সম্পর্ক সুসংহত করার পাশাপাশি আলোচনার মাধ্যমে শুল্ক কমানোর চেষ্টা চলছে। বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, আলোচনা করে তা ২০ শতাংশে নামিয়েছিলাম। আরও কতটুকু কমবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আলোচনার ভিত্তিতে দেখা হবে। আমাদের প্রচেষ্টা রয়েছে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শুল্কহার শূন্যে নামিয়ে আনার।
তিনি বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র ১৯টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে। আগামী ২০৩০ সালের মধ্যে আরও ৪টি (দুটি ড্যাশ-৮ ও দুটি বোয়িং ৭৩৭-৮০০) উড়োজাহাজ বাতিল হয়ে যাবে। সে কারণে বিমান বহরে নতুন উড়োজাহাজ সংযোজন করা না হলে সুষ্ঠুভাবে ফ্লাইট চলাচল যেমন ব্যাহত হবে, তেমনি নতুন রুটে ফ্লাইট চালানোও সম্ভব হবে না। বাণিজ্য উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এক লক্ষ কোটি টাকার রপ্তানি সম্ভাবনা রয়েছে। এটা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপদেষ্টা বলেন, আগামীতে নির্বাচিত সরকারকে বাড়তি চাপমুক্ত রাখতেই অন্তর্বর্তী সরকার এই চুক্তি সম্পন্ন করে যাচ্ছে।
Bangladesh US Trade Deal
আমেরিকা থেকে বিমান কিনছে বাংলাদেশ
×
Comments :0