Nandigram

নন্দীগ্রাম উপনির্বাচন: কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন কলকাতা হাইকোর্টের

রাজ্য

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ছয়টি ফৌজদারি মামলায় অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। ২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় তার বিরুদ্ধে ওই মামলাগুলি দায়ের করা হয়েছিল। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তাকে ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে।
এই সময়ের মধ্যে নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন মিলন প্রধান। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। নির্বাচনের প্রচার শেষ হবে ৪ অক্টোবর এবং ভোট গণনা হবে ৯ অক্টোবর।
আদালতের নির্দেশ অনুযায়ী, ২১ অক্টোবর ট্রায়াল কোর্টে আত্মসমর্পণ করতে হবে কংগ্রেস প্রার্থীকে। একইসঙ্গে যে ছয়টি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রতিটি মামলায় ২০ হাজার টাকা করে জামিনের বন্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
মিলন প্রধানের বিরুদ্ধে দায়ের হওয়া ছয়টি মামলার মধ্যে খুন, খুনের চেষ্টা এবং অস্ত্র মামলায় বিভিন্ন ধারায় মামলা রয়েছে। ২০০৭ সালে নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় এই মামলাগুলি দায়ের করা হয়েছিল।
নন্দীগ্রাম বিধানসভা আসনটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার পর সেখানে উপনির্বাচন হচ্ছে। চলতি বছরের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসনেও জয় পেয়েছিলেন শুভেন্দু। পরে ভবানীপুর আসনটি ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ায় নন্দীগ্রাম আসনটি খালি হয়। সেই শূন্য আসনেই এবার উপনির্বাচন।

Comments :0

Login to leave a comment