অযোধ্যার রাম মন্দিরের অনুদানের টাকা তছরুপের মামলায় বিশেষ তদন্তকারী দল (SIT) চার্জশিট জমা দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে এই তথ্য জানাল উত্তরপ্রদেশ সরকার। চার্জশিট জমা পড়ার বিষয়টি নথিভুক্ত করে মামলার বিচারপ্রক্রিয়া স্থানীয় আদালতে চলবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। একই সঙ্গে অনুদানের টাকা তছরুপের অভিযোগে স্বাধীন তদন্তের দাবিতে দায়ের হওয়া একাধিক আবেদনও নিষ্পত্তি করেছে আদালত।
উত্তরপ্রদেশ সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে তিনি জানান, সিট-এর তদন্তে উঠে এসেছে, মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের টাকা গণনার সময় তছরুপ করা হয়েছে। অভিযুক্তদের কয়েকজন সেই টাকা দিয়ে সম্পত্তি কিনেছেন। আবার কেউ কেউ তছরুপের টাকা ব্যাঙ্কে জমা রেখেছেন।
এরপরই সুপ্রিম কোর্ট জানায়, যারা অনুদানের টাকা তছরুপের অভিযোগে স্বাধীন তদন্তের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তারা চাইলে অযোধ্যার স্থানীয় আদালতে বিচারপ্রক্রিয়ায় সহায়তা করতে পারবেন। তবে মামলার মূল অভিযোগের সত্যতা বা বিচার্য বিষয় নিয়ে কোনও মতামত দেয়নি সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, রাম মন্দিরের অনুদানের টাকা তছরুপের মামলার গুণাগুণ বিচার করে তারা কোনও সিদ্ধান্ত জানাচ্ছে না।
এদিকে, অযোধ্যার মূল জমি-বিবাদ মামলায় যে জমির মালিকানা নির্ধারণ করা হয়েছিল, রাম মন্দির সেই জমির উপরেই নির্মিত হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবিতে দায়ের হওয়া নতুন আবেদনও গ্রহণ করেনি শীর্ষ আদালত।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল আদালতকে জানিয়েছিল, রাম মন্দিরের অনুদানের টাকা তছরুপের অভিযোগে তাদের প্রথম চার্জশিট ২৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়া হবে। সোমবার উত্তরপ্রদেশ সরকারের তরফে সেই চার্জশিট জমা পড়ার কথা আদালতকে জানানো হয়। এবার মামলার পরবর্তী বিচারপ্রক্রিয়া চলবে অযোধ্যার স্থানীয় আদালতে।
Ram Mandir Theft
রাম মন্দিরের অনুদানের টাকা তছরুপের অভিযোগ, চার্জশিট জমা সিট-এর, জানাল উত্তরপ্রদেশ সরকার
×
Comments :0