MA BABY

বিশ্ব শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে ব্যবস্থা নিতে হবে, দাবি বেবির

জাতীয়

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছেন। এমনই ভিডিও প্রচার করা হয়েছিল আসামে বিজেপি’র রাজ্য কমিটির সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সোমবার এমন প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি।  
বেবি এদিন ভিডিও বার্তায় সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন যাতে হিমন্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।
বেবি ভিডিও বার্তায় বলেছেন, "আসামে প্রবল ভাবে সংখ্যালঘু বিদ্বেষ মূলক প্রচার চালাচ্ছেন খোদ বিজেপি পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার বক্তব্যের মধ্যে দিয়ে যে কথা শোনা যাচ্ছে তা সাংবিধানিক নীতিকে আঘাত করে। আসামের বিজেপি সোশ্যাল মিডিয়া থেকে প্রচার করা হচ্ছে তা অত্যন্ত বিপজ্জনক। যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মার হাতে বন্দুক ধরে আছেন এবং তা থেকে গুলি চালাচ্ছেন। ভিডিওতে শোনানো হচ্ছে গুলির শব্দ। যাদের দিকে তাক করে গুলি ছোঁড়া হচ্ছে সেখানে সংখ্যালঘু মুসলিম মানুষদের ছবি রয়েছে। আসলে সংখ্যালঘু মুসলিমরাদেরই প্রধান টার্গেট করা হচ্ছে ওই ভিডিওতে। যা বিজেপি’র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে প্রচারও করা হচ্ছে। প্রকাশ্যে মুসলিম সংখ্যালঘুদের বিনাশ করার প্রচার চলছে যা আমাদের দেশের সংবিধান বিরোধী।" 
বেবি আরও বলেছেন, "আমি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব এই ঘটনাকে বিবেচনার মধ্যে আনবে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। কারণ তিনি সাংবিধানিক শপথকে ভেঙেছেন। বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার সময়ে শপথ নিতে হয়েছিল যে ভারতের সংবিধান মেনে চলবেন। কিন্তু যা প্রচার হচ্ছে তা খুবই নগ্ন এবং সংখ্যালঘুবিদ্বেষ মূলক।" 


বেবির কথায়, আসামের মুসলিম সংখ্যালঘুরা ভারতেরই নাগরিক। তাঁরা বহু বছর ধরে এখানে রয়েছেন। কিন্তু বর্তমানে তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাঁদেরকে টার্গেট করা হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণ ও সংখ্যকরিষ্ঠতাবাদী রাজনীতির স্বার্থে। আমাদের প্রধানমন্ত্রী এই কাজই করেছিলেন যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। এটা ভয়ঙ্কর কাজ। আরএসএস দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের আক্রমণের নিশানা করে এভাবেই। এই ঘটনায় সিপিআই(এম)‘র পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 
উল্লেখ্য, বিশ্ব শর্মার এমন প্রচারে তীব্র প্রতিবাদ রবিবারই জানিয়েছে সিপিআই(এম)। পার্টির কেন্দ্রীয় কমিটি সোশাল মিডিয়ায় পোস্টে দাবি তোলে যে সুপ্রিম কোর্টকে এখনই ব্যবস্থা নিতে হবে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। প্রকাশ্যে হিংসায় উসকানি এবং নিয়মিত বিদ্বেষ প্রচার বন্ধ করতে হবে। সিপিআই(এম)’র দাবি, আসামে বড় রকমের বিপর্যয় হওয়ার আগেই জেলে বন্দি করতে হবে হিমন্ত বিশ্ব শর্মাকে।  
এই প্রথম নয়, আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার প্রকাশ্যে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছেন। কেবল বিদ্বেষ ছড়ানোতেই সীমিত থাকছেন না বিশ্ব শর্মা। সরাসরি হিংসাকেও উসকে দিচ্ছেন বারবার। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন ঘিরে চরম বিতর্কে এই ভূমিকা আরও স্পষ্ট।

Comments :0

Login to leave a comment