উন্মত্ত সাম্প্রদায়িক বাহিনীর সঙ্গে একা লড়েছিলেন তিনি। গোটা দেশ এখন চেনে তাঁকে ‘মহম্মদ দীপক’ নামে। উত্তরাখণ্ডের কোটদ্বারে সেই দীপক কুমারের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস।
জিম প্রশিক্ষক দীপকের জিমেও গিয়েছেন ব্রিটাস। উগ্র হিন্দুত্ববাদী বজরঙ দলের হুমকিতে সেই জিমে এখন আসছেন না প্রায় কেউ। কোটদ্বার থানায় গিয়ে প্রতিবাদও জানিয়ে এসেছেন ব্রিটাস। রাজ্যের বিজেপি সরকারের পুলিশ হামলাবাজদের বদলে মামলা করেছে দীপক কুমারের নামেই।
জানুয়ারি ২৬ তারিখের ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। সত্তর বছরের ভাকিল আহমেদের বহুদিনের দোকান কোটদ্বারের প্যাটেল মার্গ এলাকায়। সেদিন বজরঙ দল উন্মত্ত ভিড় নিয়ে চড়াও হয় সেই বৃদ্ধের ওপর। চলতে থাকে স্লোগান, হুমকি।
সেই সময়েই হাজির হয়েছিলেন দীপক কুমার। একা যুঝেছিলেন ভিড়ের সঙ্গে। নাম জিজ্ঞেস করতে তিনি বলেছিলেন ‘মহম্মদ দীপক’। পালিয়েছিল বজরঙ দলের লোকজন। কিন্তু দল পাকিয়ে ফের দীপকের পরিবারকে হুমকি দিয়েছে এই বাহিনীই। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী এবং শিশু সন্তান।
দীপক যেমন একদিকে পেয়েছেন হুমকি দেওয়া ফোন তেমনি পেয়েছেন অজস্র অভিবাদনও। কোটদ্বার বা উত্তরাখণ্ডের সীমানা ছাড়িয়ে বহু প্রান্ত থেকে তাঁর সাহসের প্রশংসায় ভেসে এসেছে বার্তা।
এদিন ব্রিটাস গিয়ে দীপকের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেছেন, ‘‘আদা চা খাইয়েছেন দীপকের মা। একটি ছোট চায়ের দোকান চালান তিনি। দেখা করেছি বৃদ্ধ ভাকিল আহমেদের সঙ্গেও। গিয়েছি তাঁর দোকানে।’’
ব্রিটাস লিখেছেন, ‘‘দীপক কুমার থেকে এখন তিনি মহম্মদ দীপক’। ‘দীপক’ শব্দের অর্থ আলো। উন্মত্ত হিংস্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আলোকরেখাও তিনি।’’
Brittas met 'Mohammad Deepak'
আলোকরেখা সেই মহম্মদ দীপকের বাড়িতে সিপিআই(এম) সাংসদ
কোটদ্বারে দীপক কুমারের সঙ্গে জন ব্রিটাস।
×
Comments :0