Road Accident In Dhupguri

লরির পিছনে বাইকের ধাক্কা, ধূপগুড়িতে শ্রমিকের মৃত্যু

জেলা

কাজে যাওয়ার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। শুক্রবার সকালে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম নাসিরুল ইসলাম(২৬)। মোরঙার খলাইগ্রাম এলাকার বাসিন্দা। এই ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও এক সহকর্মী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাসিরুল এবং তাঁর এক সহকর্মী প্রতিদিনের মতোই এদিন সকালেও জুড়াপানি এলাকার একটি প্লাইউড মিলে কাজে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটি যথেষ্ট গতিতে ছিল। শালবাড়ি ওভারব্রিজের কাছে রাস্তার পাশে একটি পাথর বোঝাই লরি দাঁড়িয়ে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সরাসরি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কা এতটাই জোরালো ছিল যে বাইকটি লরির তলায় আটকে যায় এবং আরোহীরা ছিটকে রাস্তায় পড়েন।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নাসিরুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। অন্য যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই ওই প্লাইউড মিলে কাজ করতেন নাসিরুল। এদিনও বাড়ি থেকে টিফিন গুছিয়ে নিয়ে কাজে বেরিয়েছিলেন। দুর্ঘটনাস্থলে বাইকের পাশে ছিটকে পড়ে থাকতে দেখা যায় তাঁদের দুপুরের খাবারের টিফিন বাটি। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পরিবারের সদস্যরা। দেহ শনাক্ত করার পর কান্নায় ভেঙে পড়েন তাঁরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘাতক পাথর বোঝাই লরিটিকে পুলিশ আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। রাস্তার ওপর বেআইনিভাবে লরি দাঁড়িয়ে থাকার কারণে এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Comments :0

Login to leave a comment