নির্বাচনের ঠিক আগে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার সংস্কৃতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এক শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়েছে, যেভাবে জনমোহিনী প্রকল্পের নামে রাজকোষ খালি করা হচ্ছে, তাতে প্রকৃত উন্নয়ন এবং পরিকাঠামো তৈরির জন্য কোন অর্থই অবশিষ্ট থাকবে না। শীর্ষ আদালতের কথায় রাজ্য গুলো কর্মসংস্থানের ব্যবস্থা চালু করতে ব্যর্থ হচ্ছে।
তামিলনাড়ুর বিদ্যুৎ বণ্টন নিগম (TANGEDCO)-এর পক্ষ থেকে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। যেখানে গ্রাহকদের আর্থিক অবস্থা বিচার না করেই সকলকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রস্তাবের প্রেক্ষিতে ২০২৪ সালের ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট রুলসের ২৩ নম্বর ধারাকে চ্যালেঞ্জ জানানো হয়। এই বিষয়টিকেই রাজ্যগুলির ‘বেহিসাবি খরচ’ হিসেবে চিহ্নিত করে আদালত।
শুনানি চলাকালীন বিচারপতিরা রাজ্য সরকারগুলোর উদ্দেশ্যে একাধিক কঠোর প্রশ্ন তোলেন। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘সকাল থেকে বিনামূল্যে খাবার, তারপর সাইকেল, এরপর বিদ্যুৎ সব যদি বিনামূল্যে দেওয়া হয়, তবে কাজের সংস্কৃতি কী হবে? এখন তো সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাও পাঠানো হচ্ছে। তাহলে লোকে কাজ করবে কেন?’
আদালত স্পষ্ট করে দেয় যে, যারা অক্ষম তাদের সাহায্য করা জনকল্যাণমূলক রাষ্ট্রের কর্তব্য। কিন্তু যারা ধনী বা স্বচ্ছল, তাদের পকেটে কেন করদাতার টাকা বিনামূল্যে ঢুকবে? প্রধান বিচারপতির বেঞ্চের মতে, প্রতিটি রাজ্যের উচিত তাদের রাজস্বের অন্তত এক-চতুর্থাংশ (২৫%) উন্নয়নমূলক কাজে ব্যবহার করা। হাসপাতাল, স্কুল, কলেজ এবং রাস্তা তৈরির পরিবর্তে কেন নির্বাচনের আগে সব টাকা বিলিয়ে দেওয়া হচ্ছে?
বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী রাজ্যগুলোকে পরামর্শ দেন যে, যদি তারা বিনামূল্যে কিছু দিতেই চায়, তবে বাজেটে তাদের সঠিক বরাদ্দ এবং যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। অপরিকল্পিত এই খরচ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়াবে বলে তিনি সতর্ক করেন।
উল্লেখ্য, গত বছর মহারাষ্ট্রের ‘লাডকি বেহেন’ প্রকল্পের উদাহরণ টেনেও আদালত আগে বলেছিল যে, এই ধরণের যথেচ্ছ দান মানুষকে কর্মবিমুখ করে তুলছে এবং সমাজে একটি ‘পরজীবী শ্রেণি’ তৈরি করছে।
সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে দিয়েছে যে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনে উন্নয়নের টাকা খরচ করা কোন ভাবেই কাম্য নয়।
সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছে, এই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার টাকা তারা কোথা থেকে জোগাড় করবে, তার বিস্তারিত হলফনামা জমা দিতে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকেও এই বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।
Supreme Court
উন্নয়নের টাকা কোথায়? কড়া প্রশ্ন সুপ্রিম কোর্টের
×
Comments :0