Mob Lynching

চুরির অভিযোগে নাবালককে মারধর ডালখোলার বিজেপি নেতার

রাজ্য জেলা

উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকায় চুরির অপবাদকে কেন্দ্র করে এক নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগের তীর স্থানীয় বিজেপি নেতা অর্জুন সরকারের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডালখোলায় অবস্থিত অর্জুন সরকারের একটি বাইকের শোরুমে গত কয়েক মাসে একাধিকবার চুরির ঘটনা ঘটে। সেই প্রেক্ষিতে শোরুমে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। সম্প্রতি ফুটেজ খতিয়ে দেখে কয়েকজন নাবালককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় বলে দাবি করেন তিনি। অভিযোগ, এরপরই ওই নাবালকদের ধরে এনে জিজ্ঞাসাবাদের নামে মারধর করা হয়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মারধরের ভিডিও। যদিও সেই ভিডিও যাচাই করেনি গণশক্তি ডিজিটাল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা শার্ট ও কালো হাফ জ্যাকেট পরিহিত এক ব্যক্তি, যাকে স্থানীয়রা অর্জুন সরকার বলে দাবি করছেন, এক নাবালকের চুল ধরে রেখেছেন এবং তাকে মারধরের নির্দেশ দিচ্ছেন। ভিডিওতে বেল্ট খুলে মারধরের দৃশ্যও দেখা যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর আহত চার নাবালককে প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

অর্জুন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে চিকিৎসার জন্য বাইরে রয়েছেন। মারধরের ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি। তবে পুরো ঘটনার প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিপিআই(এম) নেতৃত্ব। ডালখোলা এরিয়া কমিটির সদস্য সুজিত দে সরকার বলেন, “আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। নাবালকরা যদি কোনো অন্যায় করে থাকে, তবে পুলিশ ও বিচারব্যবস্থা রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিও তোলেন।

পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভাইরাল ভিডিও, চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

ঘটনাকে কেন্দ্র করে ডালখোলা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একাংশ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন, যাতে প্রকৃত সত্য সামনে আসে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Comments :0

Login to leave a comment