Pakistan Imran Khan

ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ঘিরে উত্তাল পাকিস্তান

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরান-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে পাকিস্তানে। কারাগারে ইমরান খানের দৃষ্টিশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবরে বুধবার দেশজুড়ে বিক্ষোভ দেখিয়েছে পিটিআই সমর্থকরা। পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার সংযোগকারী প্রধান রাস্তা গুলো অবরোধের পাশাপাশি ইসলামাবাদের পার্লামেন্টের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা।
সম্প্রতি সুপ্রিম কোর্ট নিযুক্ত একজন আইনজীবীর সাত পৃষ্ঠার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রিপোর্টে দাবি করা হয় ৭৩ বছর বয়সী ইমরান খান আদিয়ালা জেলে থাকাকালীন তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন। বর্তমানে ওই চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি আছে তার।
তার আইনজীবীর দাবি, তিন মাস ধরে চোখের ঝাপসা দৃষ্টি নিয়ে অভিযোগ করলেও জেল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
সরকার নিযুক্ত মেডিকেল বোর্ড সোমবার জানিয়েছে, ইমরান খানের দৃষ্টিশক্তিতে অবিশ্বাস্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের দাবি, আগে তিনি দেয়ালঘড়ি দেখতে পেতেন না, কিন্তু এখন ঘড়ির কাঁটাও দেখতে পাচ্ছেন। তবে ইমরানের পরিবার ও দল এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবিতে আন্দোলনে নেমেছে পিটিআই এবং বিরোধী জোট 'তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন পাকিস্তান'।
ইমরানের সমর্থকরা খাইবার পাখতুনখোয়ার প্রবেশপথ আটকে দেওয়ায় লাহোর-ইসলামাবাদ মোটরওয়ে এবং জিটি রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানী ইসলামাবাদের রেড জোনে কড়া নিরাপত্তার মধ্যেই পার্লামেন্ট হাউস এবং খাইবার পাখতুনখোয়া হাউসের সামনে বিক্ষোভকারীরা অবস্থান করছেন।
সুনীল গাভাস্কার ও কপিল দেবের মতো কিংবদন্তি ক্রিকেটাররা ১৯৯২ বিশ্বকাপ জয়ী অধিনায়কের সুচিকিৎসার দাবি জানিয়েছেন।
মঙ্গলবার এক সংবাদিক সম্মেলনে ইমরান খানের বোন আলেমা ও উজমা খান সরাসরি পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনেন। উজমা খান বলেন, ‘মহসিন নকভি আমাদের হুমকি দিচ্ছেন। তারা রক্তের স্বাদ পেয়েছেন। যদি ইমরান খানের বা আমাদের কোন ক্ষতি হয়, তবে আমরা কাউকেই ছাড়ব না।‘
আরেক বোন নোরিন নিয়াজি দেশের আইনকে আসিম মুনিরের আইন বলে কটাক্ষ করে বলেন, পরিকল্পিতভাবেই ইমরান খানকে অন্ধত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত নভেম্বরে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে রাওয়ালপিন্ডিতে ব্যাপক হিংসা ছড়ায়। বর্তমান এই দৃষ্টিশক্তি বিতর্ক পাকিস্তানের অস্থিতিশীল রাজনীতিতে নতুন এক আকার নিয়েছে।

Comments :0

Login to leave a comment