বন্ধুদের সাথে খেলতে বেরিয়ে বিহারে ধর্ষণের শিকার হলেন এক নাবালিকা। শনিবার রাতে বিহারের দরভাঙ্গায় ঘটেছে এই ঘটনা। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর, একটি পুকুরপাড় থেকে উদ্ধার হয় ৬ বছর বয়সী এক শিশুকন্যার দেহ। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই বিকাশ মাহাতো নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দুই সমবয়সী বান্ধবীর সঙ্গে বাড়ির কাছেই খেলতে বেরিয়েছিল ওই শিশুটি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে বাড়ি না ফেরায় আতঙ্কিত হয়ে পড়েন পরিজনরা। গ্রামবাসী ও আত্মীয়রা মিলে শুরু করেন খোঁজা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর, একটি নির্জন পুকুরপাড়ে কুকুরদের চিৎকার শুনে গ্রামবাসীরা সেখানে পৌঁছান। সেখানেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শিশুটির নিথর দেহ।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার সময় তিন শিশু একসঙ্গেই খেলছিল। প্রত্যক্ষদর্শী দুই শিশুর বয়ান অনুযায়ী, এক ব্যক্তি হঠাৎ তাদের ধরার চেষ্টা করে। বাকি দুজন পালিয়ে বাঁচলেও অভিযুক্ত ওই শিশুটিকে ধরে অন্ধকারে টেনে নিয়ে যায়। শিশুরা জানায়, তারা লোকটিকে চেনে। এরপর পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখালে তারা বিকাশ মাহাতোকে শনাক্ত করে।
অভিযুক্তের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির সময় তার পোশাকে রক্তের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মৃত শিশুর পরিবারের দাবি, তাদের মেয়েকে নির্যাতনের পর অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। দেহের অবস্থা দেখে তারা চরম নৃশংসতার অভিযোগ তুলেছেন। এসএসপি জগন্নাথ রেড্ডি জানিয়েছেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ এবং ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। আমরা সবরকম তথ্য-প্রমাণ খতিয়ে দেখছি।’
Bihar
বিহারে ধর্ষণ করে খুন নাবালিকাকে
×
Comments :0