টানা ১১০০ দিনের বেশি ধরে চলছে আন্দোলন। কখনও মিছিল, কখনও অবস্থান, আবার কখনও ধর্না। সঙ্গে চলেছে আইনি লড়াইও। দীর্ঘ সময় পর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ২৫ শতাংশ বকেয়ার ডিএ দুই কিস্তিতে ৩১ মার্চের মধ্যে রাজ্যকে দিতে হবে। এই রায়ের পরই সাংবাদিক সম্মেলন করেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন থেকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রাজ্যের সমস্ত কর্মচারী সংগঠনকে আইনি লড়াই ও রাস্তায় লড়াইয়ে জারি রাখার জন্য অভিনন্দন জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন' "এ রাজ্যে সরকার কোনও গণতান্ত্রিক আন্দোলনকেই মূল্য দেয়নি, আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছে রাজ্যের কর্মচারীরা। যার আজকে জয় হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে। বর্তমানের পে-কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্যও লড়াই জারি রয়েছে। এছাড়াও, ২৫ শতাংশ বিয়ে দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার তা মানেনি। আজ চার মাস পর মূল মামলার রায় হলো এবার রাজ্য সরকার আদালতের রায় অনুযায়ী চলবে এটাই চাইবো।"
তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্ট কোথাও বলেনি ডিএ আইন স্বীকৃত অধিকারের মধ্যে নয়। আমরাও তাই বলছি দীর্ঘদিন ধরে। যে ৪ সদস্যের কমিটি ঠিক করে দেওয়া হয়েছে তারা রাজ্যের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী ১৫ মে'র মধ্যে রিপোর্ট জমা দেবে সুপ্রিম কোর্টে। এই রিপোর্টের সুপারিশ অনুযায়ী সুপ্রিম কোর্ট শুনানিতে ঠিক করবে বাকি মহার্ঘ ভাতা কবে, কত কিস্তিতে দিতে হবে রাজ্য সরকারকে।"
সংগ্রামী যৌথ মঞ্চ বলেছে, এই লড়াই শুধু সংগ্রামী যৌথ মঞ্চ ও সমস্ত কর্মচারীদের লড়াই নয়। রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষ তাঁর দেওয়া শ্রমের বিনিময় সঠিক মজুরি পাবে কিনা তার লড়াই ছিল এটা। এই রায় অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদেরও প্রভাবিত করবে। তাদেরও যেভাবে রাজ্য সরকার অল্প মজুরিতে কাজ করাচ্ছে, তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
Comments :0