বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের সমর্থনে ইসিএল’র ঝাঁঝরা, কালিদাসপুর ও সিদুলি কোলিয়ারিতে সাড়া জাগানো প্রচার সংগঠিত হয়। কোলিয়ারিগুলির খনিমুখে শ্রমিক জমায়েত হয়। সংগ্রামের যৌথমঞ্চ জয়েন্ট অ্যাকশন কমিটি(জ্যাক)’র ডাকে কর্মসূচিতে সাড়া দিয়ে প্রত্যেক জায়গায় ব্যাপক শ্রমিক জমায়েত হয়। বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা গৌরাঙ্গ চ্যাটার্জি, মনোজ দত্ত, সুজিত ভট্টাচার্য, আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস, টিইউসিসি সহ জ্যাকের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, দেশের শ্রমিকশ্রেণি একজোট হয়ে ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে। কর্পোরেট পুঁজির কাছে দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। শ্রম আইনের রক্ষা কবচ তুলে দিয়ে শ্রমকোড এনেছে মালিকের স্বার্থে। কোর সেক্টার কয়লা ক্ষেত্রে বেসরকারি মালিকদের অবাধ প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়েছে। সরকারি পরিকাঠামো সহ মাটির নিচে সঞ্চিত কয়লার মূল্যবান স্তর তুলে দেওয়া হচ্ছে বসরকারি হতে। মাইনস ডেভলপার অ্যান্ড অপারেটার (এমডিও) এবং রেভেনিউ শেয়ারিং পদ্ধতি আমদানি করা হয়েছে। এই পদ্ধতিতে চালু খনি সঁপে দেওয়া হচ্ছে বেসরকারি ঠিকা সংস্থার হাতে। বিভাগীয় শ্রমিকদের উৎপাদনের বাইরে রাখা হচ্ছে। শ্রমিকদের মাসিক বেতন প্রদান অনিয়মিত হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সময়ে ইসিএল কর্তৃপক্ষ বিদ্যুৎ ছাঁটাইয়ের ফরমান জারি করে জানিয়েছে, প্রতিদিন বেলা ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খনির আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কয়লা শ্রমিক এবং কয়লাঞ্চলের মানুষের বৃহত্তর জোট গড়ে তোলার ডাক দেওয়া হয়।
এদিন ডিএসপি কারখানার অভ্যন্তরে ধর্মঘটের সমর্থনে সিআইটিইউ অনুমোদিত হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের ডাকে মিছিল হয়। সিইএম বিভাগ থেকে মিছিল শুরু হয়। শেষ হয় গ্যারেজ এলাকা পর্যন্ত।
strike
ধর্মঘটের সমর্থনে সাড়া জাগানো প্রচার ইসিএল’র খনিতে
×
Comments :0